23 May 2026
এ জগতে আমিও আছি
আত্মপরিচয়ের খোঁজে আন্তর্জাল যাত্রার অতীত থেকে বর্তমান ...
এ জগতে আমিও আছি

এ জগতে আমিও আছি! আমিও আছি। এই কথাটা বলতে পারার জন্য কতো সুদীর্ঘ অপেক্ষা, কতো প্রচেষ্টা। আন্তর্জাল-এর এই বিশ্বনগরে নিজের পরিচয় প্রতিষ্ঠা করার যে আকুতি সুদীর্ঘ সময় ধরে অন্তরে লালন করেছি, তা বাস্তবে পরিনত করা বড় সহজ কাজ ছিল না। এ যাত্রার শুরু ২০০৫ থেকে। যখন ছোট করে পা ফেলেছিলাম ইন্টারনেটের মায়াজালে। কতো বিশ্বনাগরিকদের আনাগোনায় মুখরিত সে সময়। তারই ভিড়ে ক্ষুদ্র আমি, ইতিউতি খুঁজে বেড়াই অস্তিত্বের সমীকরণ। কিন্তু, হিসাব মেলে না। সেসব দিনগুলতেই আগ্রহ জন্মেছিল মনে। ভেবেছিলাম একদিন ঠিক নিজস্ব একটা ঠিকানা থাকবে এখানে। অগনিত মানুষের মিছিলে সেই ঠিকানা পৌঁছে দিয়ে বলা যাবে- আমি আছি, হ্যাঁ দেখো, এইখানে আছি।
এইটুকুর জন্য বিগত দুই দশকে কম চেষ্টা হয়নি। কতবার যে সাব-ডোমেইনে অস্থায়ী পরিচয়পত্র গড়ার চেষ্টা করেছি! অন্যের ঠিকানায় গিয়ে ভিড়ে থেকেছি নিজের ভেবে, তারপর ছিটকে গেছি কোনও এক অসহায় মুহূর্তে। প্রায়শই ভেবেছি, নিজেই গড়ব নিজের ঠিকানা, তিল তিল করে। সাইট-এর রূপরেখা করেছি, ডাটাবেজ ডিজাইন করেছি, ডোমেইন কিনেছি, হোস্টিং কিনেছি- কিন্তু, আখেরে আর তেমন উচ্চতা ছুঁতে পারিনি যার স্বপ্ন দেখেছি। হয়তো দায়সারা একটা কুঁড়েঘর গড়তে পেরেছি। কিছুদিন বাদে নিজের বাড়ি নিজেকেই আর টানেনি- মায়া কাটিয়ে সরে গেছি দূরে।
অবশেষে, পৌঁছানো গেছে স্বপ্নের অনেকটা কাছে। হ্যাঁ, আরও হয়তো খানিক গোছানো যেত, যাবেও। কিন্তু, আপাতত যা হয়েছে তাতে আমি সন্তুষ্ট। এবারের বাড়িখানা চমৎকার, এখানে শান্তিতে থাকা যায়। তাই বলছি আমি আছি- এইখানে আছি।
কাজটা অবশেষে যাদের জন্য সম্ভব হয়েছে, তাদের একজন আমার এক বন্ধু। যে সময়ে অসময়ে আমাকে নিঃশর্ত সাহায্যের হাত বাড়িয়ে দেয়। দ্বিতীয়ত, হচ্ছে কৃত্তিম বুদ্ধিমত্তা। এই বাছারা না থাকলে এমন করে আমার স্বপ্নকে রূপরেখা দিতে হয়তো দীর্ঘ সময় লাগতো, আর ততদিনে ধৈর্য হারিয়ে যেত। তাই গুগোল আর অ্যানথ্রপিক-কে অন্তরের অন্তঃস্থল থেকে কৃতজ্ঞতা। আর সেই সঙ্গে ধন্যবাদ জানাতে হয় সেই সহকর্মীটিকে যে গত বছরের প্রায় শুরুর থেকে আমাকে এ-আই এর গলিপথে ভ্রমণ করার নিয়মিত তাগিদ দিয়ে যাচ্ছে। অবশেষে যে আমি এখানে চলাচল করতে কিছুটা শিখেছি এর কৃতিত্ব আমার চাইতে তার কিঞ্চিৎ বেশি।
আমার এই বাসস্থানে কী কী কোথায় কোথায় আছে তা বলে কথা বাড়াবো না। শুধু বলব এইখানে আমাকে পাওয়া যাবে। আমার পছন্দ, ভালো লাগা, সময়, কাজ- সবকিছুর সমষ্টি এই ওয়েবসাইট। আমাকে জানতেই হবে এমন কোনও গুরুশর্ত নেই, তবে জানতে চাইলে ঘুরে দেখতে পারেন এই আয়োজন।
২৩-শে মে ২০২৬ বিশেষ হয়ে রইল। কারণ এই দিনে ২১ বছরের লালিত একটা স্বপ্নকে বাস্তব করা গেছে। তাই আমি আজ খুশি। খুব বেশি খুশি।